পশ্চিম তীরে গুলিতে ইসরাইলি দম্পতি নিহত

অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় এক ইসরাইলি দম্পতি নিহত হয়েছে। তারা তাদের চার শিশুকে নিয়ে একটি গাড়িতে করে যাচ্ছিল। খবর এএফপি’র।
 
অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। একে ‘বর্বরোচিত হামলা’ উল্লেখ করে ইসরাইলি সেনাবাহিনী এর 'প্রতিশোধ' নেয়ার কথা জানিয়েছে।
 
হামলায় দম্পতির শিশুগুলোও সামান্য আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বয়স ৪ মাস থেকে ৯ বছর। ইহুদি বসতি ইতামার ও এলোন মোরেহ্ এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
 
নিহতদের নাম ইতাম ও নামা হেনকিন। তাদের দুজনের বয়সই ৩০-এর কোঠায়। তারা পশ্চিম তীরের মধ্যাঞ্চলে অবস্থিত নেরিয়া বসতিতে বাস করতে। বসতিটি রামাল্লাহর কাছে।

IMG0
 
ইসরাইলি সেনা মুখপাত্র পিটার লার্নার এক বিবৃতিতে জানায়, চার শিশুর সামনেই তাদের হত্যা করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘সেনাবাহিনী এই জঘন্য ও বর্বর হামলার সঙ্গে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
 
জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটলো। সেখানে ‘অবিলম্বে ফিলিস্তিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরুর’ বিষয়ে তিনি বক্তব্য দেন।
 
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইহুদি চরমপন্থীদের বেশ কয়েকটি হামলার পর এ উত্তেজনা শুরু হয়।
 
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকাটিকে বন্ধ করে দিয়েছে। ইসরাইলি টেলিভিশনে একদল যুবক ইসরাইলি বসতি স্থাপনকারীকে এক স্থানে জড়ো হয়ে পাশ দিয়ে যাওয়া ফিলিস্তিনি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে।