‘৫ কোটি নিম্ন-আয়ের মানুষ মধ্যম আয়ে উন্নীত হয়েছে’

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশে  বিভিন্নখাতে উত্পাদনশীলতা বাড়ছে। গত কয়েক বছরে ৫ কোটি মানুষ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশে নেমে আসবে।’
 
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উত্পাদনশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
 
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনার আয়োজন করে।
 
সেমিনারে উত্পাদনশীলতা বাড়াতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাত ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশেজ্ঞরা। তারা বলছেন— বাংলাদেশে শ্রমিকদের উত্পাদনশীলতা বাড়লেও পুঁজি এবং কারিগরি প্রযুক্তিসহ অন্যান্য খাতে কাঙ্ক্ষিত হারে উত্পাদনশীলতা বাড়ছে না।
 
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন এনপিওর পরিচালক ড. মো. নজরুল ইসলাম, সাবেক পরিবেশ ও বন সচিব এএইচএম রেজাউল কবির, উত্পাদনশীলতা বিশেষজ্ঞ রূপালী বিশ্বাস, এম. ফজলুল করিম প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।