সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা। রুশ হামলায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের লক্ষ্য করা হচ্ছে অভিযোগ করে বলা হয়, এর ফলে দেশটিতে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাবে। খবর- বিবিসির।
রাশিয়া বিমান হামলা শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, কেবল আসাদ বিরোধী বিদ্রোহীগোষ্ঠী ও বেসামরিক নাগরিকরাই হামলার শিকার হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে দেশটি বলছে, আইএস দমন করাই তাদের প্রধান লক্ষ্য। অবশ্য বাশার আল আসাদের প্রতিও স্পষ্ট ভাষায় সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
IMG0
শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও জোটের অন্যান্য সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেছে, 'রাশিয়ার বিমান হামলা উত্তেজনা সৃষ্টি করছে, যা কেবল চরমপন্থাকে আরো উস্কে দেবে।'
আইএস'র বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সহায়তা করতে গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়ার সুখয় জঙ্গিবিমাগুলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, শুক্রবারও সিরিয়ায় নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ জন আইএস জঙ্গি নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস।