গুয়াতেমালায় ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মধ্য আমেরিকার দেশটিতে এই দুর্ঘটনায় আরো ৬০০ মানুষ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দিনের শেষভাগে গুয়াতেমালার জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়ের (সিওএনআরইডি) কমান্ডার সার্জিও ক্যাবানাস বলেন, ২৯ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করছি। তবে আরও একজনের মৃত্যুর বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সিওএনআরইডি শুক্রবার দিনের প্রথমভাগে ঘোষণা করেছিল, ৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিধসে ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়িতে বসবাসকারী মানুষের সংখ্যা বিবেচনায় নিখোঁজদের সম্পর্কে এই ধারণা প্রকাশ করা হয়।
IMG0
রাজধানীর ১৫ কিলোমিটার দক্ষিণে সান্তা ক্যাটারিনা পিনুলা শহরের পার্শ্ববর্তী এল ক্যাম্বরাই শহরে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। মাটির নিচে আটকেপড়াদের সন্ধানে শত শত উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকর্মীরা ৩৬ জনকে মাটি ও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এএফপি