ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমানের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ১০ জন যাত্রী নিয়ে গতকাল শুক্রবার এই বিমানটি টুইন অটার বিমানটি সুলিউয়িসি দ্বীপের উপর থাকার সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির অভ্যন্তরীণ এয়ারলাইনার আভিয়াস্তারের মালিকানাধীন ওই বিমানটি মাসাম্বা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। বিমানটি মাসাম্বা থেকে প্রাদেশিক রাজধানী মাকাসসার যাচ্ছিল। বিমানটির আরোহীদের মধ্যে তিনজন ক্রু ও দুটি শিশুসহ সাতজন যাত্রী ছিলেন। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী জুলিয়াস বারাতা বিবিসি ইন্দোনেশিয়াকে জানিয়েছেন, আভিয়াস্তারের বিমানটি উড্ডয়নের প্রায় সাত মিনিট পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
বিমানটির খোঁজে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গত বছর দেশটিতে তিনটি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। এসবের মধ্যে ডিসেম্বরে জাভা সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এয়ার এশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯২ আরোহীর সবাই নিহত হন। জুলাইয়ে সুমাত্রার মেদান শহরে আবাসিক এলাকার উপর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১৪০ নিহত হন। এর একমাস পরে ৫৪ জন আরোহী নিয়ে অপর একটি বিমান পশ্চিম পাপুয়ার প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। বিবিসি