প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার বিচারকরা এখন আর হুটহাট কোনো টেলিফোন ধরেন না। টেলিফোনে কথা বলে বিচারকরা জামিন দেবেন বা রায় লিখবেন, সেদিন চলে গেছে। বাংলাদেশে সেদিন আর আসবে না।’
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একেখান আইন অনুষদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি তার বক্তব্যে এ কথা বলেন।
এস কে সিনহা বলেন, ‘এখানে একটা বিষয় এসেছে, তাই বলতে চাই। আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।’
এর আগে মিজানুর রহমান তার বক্তব্যে বলেছিলেন, ‘আমরা এমন বিচারক দেখতে চাই না, যারা কোনো মন্ত্রণালয় থেকে টেলিফোন আসবে বা কোনো মন্ত্রণালয় থেকে টেলিফোন আসতে পারে সে আশঙ্কায় বিচার করবেন। এমন বিচারক দেখতে চাই যারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন, যারা আইনের কাছে দায়বদ্ধ থাকবেন।’