রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর কবলে পড়েছেন লুবনা জাহান (৩৫) নামের এক ম্যাজিস্ট্রেট। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। লুবনা জাহান টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে কর্মরত আছেন।
লুবনা জাহান জানান, ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য তিনি গেণ্ডারিয়ার বাসা থেকে রিকশাযোগে কমলাপুর যাচ্ছিলেন। রিকশাটি টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে এলে একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা ছিনতাইকারী তার সাইড ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। তার ব্যাগে ৭-৮ হাজার টাকা, একটি মোবাইল ও মূল্যবান কিছু কাগজপত্র ছিল বলে তিনি জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।