জাপানি নাগরিক হত্যার বিচার দাবি ইইউ রাষ্ট্রদূতের


রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেছেন, ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন।

শনিবার রাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

এর আগে ঢাকায় ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় অ্যালার্ট জারি করেছিল ইইউ। তারা এ হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ জানিয়েছিল। ব্রাসেলসে ইইউ সদর দপ্তর ও ঢাকা থেকে পৃথকভাবে এ উদ্বেগ জানানো হয়।

এদিকে জাপান দূতাবাস তাদের ফেসবুক পেজে নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সজাগ ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। খোলামেলা যানবাহন ব্যবহার না করা, গাড়িতে সতর্ক থাকা ও কাউকে সন্দেহভাজন মনে হলে সে স্থান ত্যাগ করার কথা বলা হয়। সব সময় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয় নাগরিকদের।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জাপানি নাগরিক কুনিয়ো হোশির হত্যাকাণ্ডে শোক ও নিন্দা প্রকাশ করেন। তিনি নিহত কুনিয়ো হোশির পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারকে এই জঘন্য ঘটনার সবদিক তদন্ত করে দেখতে ও যত দ্রুত সম্ভব দায়ীদের বিচার করতে হবে।

দক্ষিণ কোরিয়ার সরকার তার নাগরিকদের বাংলাদেশে থাকাকালে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দিয়েছে। সব স্থানে সব সময় সতর্ক থাকতে বলা হয়।