আশুলিয়ায় ডাইং কারখানার গরম পানিতে ঝলসে গেলো ৫ শ্রমিক

সাভার উপজেলার আশুলিয়ায় একটি সূতা তৈরীর কারখানায় কাজ করার সময় ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গেছে ৫ শ্রমিকের দেহ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জামগড়া এলাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমের পিছনে অবস্থিত ‘ওয়ান থ্রেড এন্ড এক্সেসরিজ (বিডি) লিমিটেড’ নামক সূতা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিকরা হলো, কারখানাটির ডাইং ইনচার্জ মনির হোসেন ও মোঃ কালাম, ডাইং অপারেটর মোঃ রমজান, নুরু মিয়া, এবং সাজু। এদের মধ্যে মনির হোসেন এবং কালামকে ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিতে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রমজান, নুরু ও সাজুর দগ্ধের পরিমাণ যথাক্রমে ৪৮, ৩৫ ও ৩০ শতাংশ বলে জানা গেছে।

আরও পড়ুনঃ বোনের বিয়েতে যাচ্ছিলেন নিহত ৬ জন!

কারখানাটির ব্যবস্থাপক রিয়াজুর রহমান বলেন, ‘রাতের শিফটে কাজ করার সময় ডাইং মেশিন থেকে সূতা বের করতে গিয়ে অসাবধানতাবশত ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে যায় সেখানে কর্মরত ৫ শ্রমিক। ঘটনার পর দ্রুত প্রথমে তাদের উদ্ধার করে উত্তরা কামারপাড়ার ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হালকা দগ্ধ হওয়ায় মনির হোসেন ও কালামকে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রমজান, নুরু ও সাজুকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।’

ইত্তেফাক/নূহু