‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিদেশি হত্যা’

 
রাজধানীর গুলশানে ও রংপুরের কাউনিয়ায় দুই বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এক ধ​রনের সন্ত্রাসে ব্যর্থ হয়ে আরেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম বেছে নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যার কারণ উদ্‌ঘাটনে নিরাপত্তা বাহিনী কাজ করছে। আমরা আশা করি শিগগিরই এই রহস্য উন্মোচন করতে পারব। সব ধরনের সন্দেহকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করছি।
 
হত্যাকাণ্ডে আইএসের সংশ্লিষ্টতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আবারো জোর গলায় বলছি বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
 
তিনি বলেন, কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া সারা দেশের ও বিদেশি নাগরিকদের নিরপত্তা বাড়াতে বলা হয়েছে। মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যাকে ও যে যানবাহনকে সন্দেহ হবে তখনই তল্লাশি চালানো হবে।