চলে গেলেন খলনায়ক আদিল

 
 
সত্তর ও আশির দশকের বাংলা ছবির জনপ্রিয় খল-অভিনেতা রেজাউল করিম আদিল আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
 
আদিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন, তার হূদপিণ্ডেও সমস্যা ছিল। রাতে আদিলের শ্বাসকষ্ট হচ্ছিল। এরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
রবিবার বাদ জোহর নারায়ণগঞ্জের চাষাড়া পুকুর পাড়ের বড় মসজিদে নামাজে জানাজার পর শহরের মাজদাইর কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
১৯৭২ সালে হাসমত পরিচালিত ‘এখানে আকাশ নীল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘রাজমহল’, ‘বারুদ’, ‘বন্দুক’, ‘বুলবুল এ বাগদাদ’, ‘ঈমান’, ‘তাজ ও তলোয়ার’, ‘নাগিন কন্যা’, ‘রাজিয়া সুলতানা’, ‘সওদাগর’, ‘তিন বাহাদুর’, ‘পাতাল বিজয়’, ‘অশান্তি’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।