শাহাদাতের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

 
শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। রবিবার ঢাকার মহানগর হাকিম ইউনুস খা এই আদেশ দেন।
 
এর আগে নিত্যকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। অন্যদিকে নিত্যের জামিনের আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। শুনানি শেষে জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে দেয় আদালত।
 
রবিবার ভোরে মালিবাগ থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ।
 
১১ বছরের গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়।
 
মিরপুরের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাসায় থাকেন শাহাদাত হোসেন। নির্যাতনের শিকার গৃহকর্মী হ্যাপিকে গত মাসে পুলিশ কালশী এলাকা থেকে উদ্ধার করে। পরে তার কথা মতো গৃহকর্তা ক্রিকেটার শাহাদাতের মিরপুরের বাসায় পুলিশ অভিযান চালায়। ঐ সময় কাউকে পাওয়া যায়নি।