ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যাক্ষ এস এম রুহুল আমিন বলেন, ‘বাসভাড়া নিয়ে যাতে কোনো অপ্রতিকর ঘটনা তৈরি না হয়, সে জন্য রবিবার ফুলবাড়িয়া টার্মিনাল থেকে চলাচলরত ২৪টি রুটের বাস মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
রুহুল আমিন বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত—নির্ধারিত ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। পাশাপাশি প্রতিটি বাসে থাকতে হবে ভাড়ার তালিকা। যেসব বাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মনিটরিং করার জন্য সংগঠনের পক্ষ থেকে একাধিক টিম গঠন করা হয়েছে।’
সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সিএনজি-চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি যাত্রীপ্রতি কিলোমিটারে নির্ধারণ করা হয় যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সা। এ ছাড়া, সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।