ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঐ গ্রামের আরিফ হোসেনের চার বছর বয়সী শিশু কন্যা বাড়ির পাশে খেলা করছিল। পার্শ্ববর্তী ছাইফুল ইসলামের বখাটে ছেলে রাকিব হোসেন মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় আব্দুল খালেকের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঐ সময় শিশুটির দাদী সালেহা খবর পেয়ে দৌড়ে গেলে বখাটে রাকিব পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা আরিফ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন। রাতেই বখাটে রাকিবকে ত্রিশাল থানার এস আই রুবেল গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শিশুর বাবা আরিফ বলেন, ‘আমার অবুঝ নিষ্পাপ শিশুটির ওপর নরপশু রাকিব পাশবিক নির্যাতনের চেষ্টা করেছে। আমি তার বিচার চাই।’
আরও পড়ুনঃ শরণখোলায় এক রাতে ৮ বাড়িতে চুরি
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা থানায় নারী শিশু নির্যাতন আইনে শুক্রবার মামলা করেছেন।
ইত্তেফাক/নূহু