যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত আটজন মারা গেছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এক হাজার বছরে একবারই হতে পারে বলে মন্তব্য করেছেন সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হ্যালে।
IMG0
চার্লস্টোন শহরে গত তিনদিনে ৩৫ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
সোমবার সেখানকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এছাড়া অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ অনেক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।
IMG1
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের ঘূর্ণিঝড় জোয়াকুইনের প্রভাবে শুক্রবার থেকে সাউথ ক্যারোলাইনার কেন্দ্রীয় এলাকাগুলোতে ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।
IMG2
সাউথ ক্যারোলাইনার রাষ্ট্রীয় আবহাওয়াবিদ পূর্বাভাসে বলেছেন, বৃষ্টির ধারা কমে আসতে শুরু করলেও সোমবার সারাদিনে আরো পাঁচ থেকে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
গভর্নর নিক্কি জানিয়েছেন, কনগারি নদীর পানি ১৯৩৬ সালের পর থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
IMG3
বৃষ্টিপাতজনিত কারণে সাউথ ক্যারোলাইনায় ছয়জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে, এদের মধ্যে চারজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নর্থ ক্যারোলাইনায় আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অঙ্গরাজ্যের চার্লসটাউন ও জর্জটাউনের মধ্যবর্তী উপকূলীয় মহাসড়ক ডুবে গেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
IMG4
সড়কগুলোতে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায় অঙ্গরাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। কলম্বিয়াসহ অঙ্গরাজ্যের আটটি শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে।