নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় উজ্জ্বল মিয়া হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী আদেশ দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এক আসামিকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে একই মামলায় ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবুল কাশেম ও তার ছেলে সুজন, ঐ এলাকার মৃত নুরী মিয়ার ছেলে কালু ও তার ছেলে আজমান। রায় ঘোষণার সময় সুজন উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম জানান, ২০১২ সালের ১৬ জুন বন্দর উপজেলার সোনাকান্দা বড় মসজিদ এলাকার উজ্জ্বল মিয়াকে মারধর করে এবং ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা লুত্ফর রহমান বাদী হয়ে সুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সুলতানউজ্জামান।