শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মূলত শিক্ষক সমাজকে নিয়ে হাসি, ঠাট্টা, মশকরা করেছেন। তাই তার বক্তব্য শুনে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত।’
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত ‘৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় তিনি তথাকথিত একজন শিক্ষত ব্যক্তি। তিনি কতটুকু শিক্ষা গ্রহণ করেছেন তা তার বক্তব্যর মধ্যেই স্পষ্ট হয়েছে। মূলত তার বক্তব্য গ্লানিকর, লজ্জাজনক।
শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রীকে শুভবুদ্ধি দিক।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষকরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে না। তাই আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে আমি বলেছিলাম, শিক্ষার জাতীয় বাজেটের ১৮ থেকে ২০ শতাংশ টাকা বরাদ্দ করুন। তাহলেই শিক্ষাখাতে উন্নয়ন সম্ভব। তিনি আমাকে বলেছিলেন, আমি চেষ্টা করবো। কিন্তু আজ শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যর পর স্পষ্ট হয়েছে যে, শিক্ষামন্ত্রী কোনো চেষ্টাই করেননি।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন বাবু, আলমগীর হোসেন প্রমুখ।