মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ জারির সিদ্ধান্ত

অর্থদণ্ডের পরিমাণ দ্বিগুণ এবং একাধিক সংস্থার যৌথ তদন্তের সুযোগ রেখে মুদ্রাপাচার আইনের সংশোধন অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।
 
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ’ জারির এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত ১৭ অগাস্ট মন্ত্রিসভা ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।আপাতত সংসদের অধিবেশন না চলায় এবং বিষয়টি জরুরি বিবেচিত হওয়ায় তা অধ্যাদেশ জারির প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুদ্রাপাচারের বিষয়টি আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়। এর অংশ হিসেবে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিং’ এর একটি প্রতিনিধি দল এ মাসেই আসছে বাংলাদেশে।