যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্বের অন্যান্য দেশের বাজারে আসছে মটোরোলার মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'মটো এক্স স্টাইল'। ওয়ান প্লাস ২ এর প্রতিদ্বন্দী এই ফোন শিগগিরই বিশ্ব বাজারে ছাড়া হবে।
টুইটারে এই তথ্য জানিয়েছে মটোরোলা। তবে নির্দিষ্ট করে দিন-তারিখ এবং ডিভাইসটির দামের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পর বিশ্বের অন্যান্য দেশের বাজারে আসছে মটো এক্স স্টাইল। চলতি বছরের আগস্ট মাসে মটো এক্স স্টাইল যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়। প্রায় এক মাস পর এবার তা বিশ্ব বাজারে ছাড়া হচ্ছে।
মটো এক্স স্টাইল ডিভাইসটিতে ১৪৪০*২৫৬০ রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে রয়েছে। ৩জিবি র্যামের এই ডিভাইসে ১.৮ গিগাহার্টজের হেক্সা-কোর ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৮০৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। ১৬, ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধার তিনটি সংস্করণে ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড দিয়ে এর মেমোরি স্পেস ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডিভাইসটিতে ভিডিও ও ছবি তোলার জন্য ২১ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে দীর্ঘক্ষণ চার্জ থাকার জন্য ৩০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
মটো এক্স স্টাইলের ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণ যুক্তরাষ্ট্রের বাজারে ৩৯৯ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনটির মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।