নাগরিক নিহত হওয়ায় ক্ষুব্ধ জাপান

 
বাংলাদেশে জাপানের নাগরিক নিহত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। সোমবার জাপান সরকারের শীর্ষ মুখপাত্র এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়েছে।
 
হত্যার ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে টোকিওতে মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহাইড সুগা বলেন 'এমন ঘটনার কখনোই পুনরাবৃত্তি হওয়া উচিৎ নয়। এই ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ'। জাপান সরকার ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে জানিয়ে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
গত শনিবার রংপুরে হোসি কনিও নামের এক জাপানি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এর কয়েকদিন আগে ঢাকার গুলশানে ইটালির এক নাগরিক একই কায়দায় খুন হন। এই দুই হত্যারই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।