নেপালে এ বছরের বিধ্বংসী ভূমিকম্পের পর আয়োজিত প্রথম এভারেস্ট ম্যারাথনে নেপালি সেনাবাহিনীর এক সদস্য ভীম বাহাদুর গুরুং জয়ী হয়েছেন। এভারেস্ট ম্যারাথনকে বলা হয়, পৃথিবীর সর্বোচ্চ ও সম্ভবত কঠিনতম ম্যারাথন দৌড়। এটি এভারেস্ট বেস ক্যাম্প এলাকার দুর্গম কিন্তু অপূর্ব সুন্দর বরফে ঢাকা পার্বত্য পথ ধরে সম্পন্ন হয়।
এ বছরের ম্যারাথনে মোট ৫৪ জন অংশ নেন। তার মধ্যে ২৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। তবে সংগঠকরা জানান, ভারত, পাকিস্তান বা বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী অংশ নেননি।
২০০৩ সাল থেকে শুরু হওয়া এই ম্যারাথন দৌড় প্রতি বছরের ২৯ মে অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছরের ২৫ এপ্রিল ও ১২ মে পরপর দুটো বিধ্বংসী ভূমিকম্পের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে যায় এভারেস্ট বেসক্যাম্প এলাকা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এভারেস্ট ম্যারাথনের সংগঠকরা স্থির করেন, ৫ অক্টোবর ম্যারাথনের আয়োজন করা হবে।
খবর বিবিসি বাংলার।