মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে রাশিয়ার হস্তক্ষেপ জরুরি : আসাদ

 
মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে রাশিয়ার হস্তক্ষেপ জরুরি ছিল বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপ ‘ভয়ানক ভুল’ বলে ডেভিড ক্যামেরন অভিহিত করার একদিন পর একথা বললেন আসাদ।
 
আসাদ বলেন, মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষায় রাশিয়ার হস্তক্ষেপ জরুরি ছিল। সিরিয়া, রাশিয়া, ইরান ও ইরাকের জোটকে অবশ্যই জয়ী হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
 
আসাদ ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন হামলারও সমালোচনাও করেন। তাদের হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কিছুই হয়নি বলে মনে করেন তিনি।
 
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে আসাদ বলেন, যারা সন্ত্রাসকে সমর্থন করে তারা কখনও সন্ত্রাস দমন করতে পারে না। বরং তাদের জোট (সিরিয়া, রাশিয়া, ইরান ও ইরাক) দুই দিনের মধ্যেই বেশ সফলতা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে  ম্যানচেস্টারে কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে ক্যামেরন বিবিসিকে বলেন, ‘তারা কসাই আসাদকে সমর্থন দিচ্ছে। এটি তাদের জন্য, এমনকি গোটা বিশ্বের জন্যই এক ভয়ানক ভুল। এতে করে ওই অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে উঠবে এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান হবে। আমি তাদেরকে বলব, অবস্থান পরিবর্তন করুন এবং আইএস বিরোধী লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিন।’
 
ক্যামেরন বলেন, ‘এ পর্যন্ত চালানো রাশিয়ার বেশির ভাগ বিমান হামলাতেই আমরা যা দেখেছি, তাতে সেগুলো আইএস এর নিয়ন্ত্রণ নেই এমন জায়গাগুলোতেই চালানো হয়েছে। হামলা হয়েছে মূলত আসাদবিরোধী দলগুলোর নিয়ন্ত্রিত এলাকায়।’ টেলিগ্রাফ জানিয়েছে, সিরিয়ায় সামরিক হামলা চালাতে পার্লামেন্টের অনুমতি চাইতে পারেন ক্যামেরন।