দীর্ঘস্থায়ী ল্যাপটপ ব্যাটারির জন্য মাইক্রোসফটের নতুন প্রযুক্তি

বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধির জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যে নানা ধরনের ব্যাটারি প্রোটোটাইপও তৈরি করা হয়েছে যেগুলো প্রচলিত ব্যাটারির চাইতে বেশি ব্যাকআপ দিতে সক্ষম এবং এগুলোকে অনেক সময়ে চার্জ করা সম্ভব।

 
ব্যাটারি ব্যাকআপ বাড়ানো নিয়ে কাজ করছেন মাইক্রোসফটের কয়েকজন গবেষকও। তবে এর জন্য নতুন ধরনের ব্যাটারির দ্বারস্থ না হয়ে তারা প্রচলিত ব্যাটারিগুলোই ব্যবহার করেছেন। তাদের গবেষণার মূল ফোকাসের জায়গা ছিল সফটওয়্যারের মাধ্যমে ব্যাটারি ব্যবহারকে নিয়ন্ত্রণ করা।
 
সাম্প্রতিক সময়ে সফটওয়্যার-ডিফাইনড হার্ডওয়্যারের যে ধারণা নিয়ে গবেষকরা কাজ করে যাচ্ছেন, ঠিক সেই ধারণা নিয়েই কাজ করেছেন মাইক্রোসফটের এই গবেষকরা। আর তারা তাদের গবেষণায় যে ব্যাটারি সিস্টেম ডিজাইন করছেন, তার নাম দিয়েছেন সফটওয়্যার-ডিফাইনড ব্যাটারি (এসডিবি) সিস্টেম। বোধি প্রিয়ন্তা, রণবীর চন্দ্র এবং অনিরুদ্ধ বেদাম—মাইক্রোসফটের এই তিন গবেষক ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি নিয়ে গবেষণাটি পরিচালনা করছেন। মূলত ল্যাপটপকে মাথায় রেখেই তারা ডিজাইন করেছেন এই এসডিবি সিস্টেম। এতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে বিল্ট-ইন সফটওয়্যারের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে ব্যাটারির ব্যবহার।
 
এতে করে সফটওয়্যারটি বিভিন্ন সময়ে ল্যাপটপে পরিচালিত বিভিন্ন কাজে ব্যাটারি ব্যবহারের ধরণ নিজে থেকেই বুঝে নিয়ে সেই অনুযায়ী ব্যাটারি ব্যবহার করবে। আর ব্যাটারি সিস্টেমে থাকা ব্যাটারিগুলোর কোনটি কখন চার্জ হবে এবং কোনটি কখন ডিসচার্জ হবে, তাও নিয়ন্ত্রণ করবে সফটওয়্যার। এই গবেষণার গবেষণাপত্রে গবেষকরা লিখেছেন, ‘প্রতিটি ব্যাটারি থেকে কী পরিমাণ চার্জ ব্যবহার করা হবে কিংবা ব্যাটারিকে কীভাবে চার্জ করতে হবে, এগুলো মোটেই তুচ্ছ বিষয় নয়। তবে আমাদের এসডিবি সফটওয়্যার অপারেটিং সিস্টেমের ভেতরে থেকেই ব্যাটারির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।’ তারা লিখেছেন, ‘এসডিবি হার্ডওয়্যারের সাথে এসডিবি সফটওয়্যার কাজ করার জন্য খুবই সাধারণ ধরনের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবহার করবে।
 
এই সফটওয়্যার এমন ধরনের অ্যালগরিদম ব্যবহার করবে যা ডিভাইসের চার্জিং-ডিসচার্জিং মেয়াদকে বাড়িয়ে তুলবে এবং এতে করে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। কোন ব্যাটারি কোন অনুপাতে চার্জ বা ডিসচার্জ হবে, তা-ও নির্ধারণ করবে এই সফটওয়্যার। চলতি সপ্তাহেই অপারেটিং সিস্টেম প্রিন্সিপালস বিষয়ক এসিএম সিম্পোজিয়ামে এই গবেষণাপত্র উত্থাপিত হবে। এখনও পর্যন্ত গবেষণা পর্যায়ে থাকলেও এরই মধ্যে গবেষকরা তাদের সফটওয়্যার-ডিফাইনড ব্যাটারি সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করেছেন। তারা আশা করছেন, দ্রুতই তাদের এই উদ্ভাবন বাণিজ্যিকভাবেও বাজারজাত হতে শুরু করবে। ফলে ল্যাপটপে বাড়তি ব্যাটারি ব্যাকআপ পাবেন সাধারণ ব্যবহারকারীরাও।