ইয়েমেনের প্রধানমন্ত্রীর হোটেলে রকেট হামলা

ইয়েমেনের প্রধানমন্ত্রী খালেদ বালাহর ব্যবহৃত হোটেলে রকেট হামলা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এডেন শহরের আল কাসর হোটেলে এই হামলার পরে হতাহতর খবর পাওয়া গেলেও সরকারের কোনো মন্ত্রী এই তালিকায় নেই।
 
 
গত মার্চে হুথি বিদ্রোহীরা রাজধানী সানায় আক্রমণ করার পরে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাব্বুহ মানসুর হাদি ও তার সরকার সৌদি আরবে পালিয়ে যায়।সৌদি আরবের সেনাবাহিনী ইয়েমেনের দ্বিতীয় শহর এদেন থেকে বিদ্রোহীদের উৎখাত করার পরে এই শহরের আল কাসর হোটেল ইয়েমেন সরকারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
   
গত মাসে প্রেসিডেন্ট হাদি এদেনে ফিরে আসেন তবে হামলার সময়ে তিনি আল কাসর হোটেলে ছিলেন না। এদেনের বাসিন্দারা অভিযোগ করেন এখানকার রাস্তাগুলো আল কায়েদা ও ইসলামিক স্টেটসের জিহাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।  জাতিসংঘ জানায় গত ছয় মাসে ইয়েমেনে ৪৯০০ মানুষ নিহত হয়েছে যার মধ্যে ২২০০ জন বেসামরিক নাগরিক। বিবিসি ও আল জাজিরা