অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ২৭ অক্টোবর। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহম্মেদ জমাদ্দার এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতে বদির উপস্থিতিতে তার আইনজীবীরা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করবেন জানিয়ে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান ও অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগ করা হয়েছে।