যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ভয়াবহ বন্যায় ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্যায় সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং তাদের কোন খাবার পানি নেই।

স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয় খুঁজছে। বন্যার কারণে শতশত সড়ক ও সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিমানে করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। সাউথ ক্যারোলাইনার রাজধানী কলম্বিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। রাজধানীর উপকণ্ঠে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর নিকি হ্যালি সাংবাদিকদের বলেন, প্রায় ২৬ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং ৪০ হাজার লোকের কোন খাবার পানি নেই। তিনি বলেন, এ ধরণের ভয়াবহ বন্যা এক হাজার বছরের মধ্যে একবার হয়।

IMG0

কলম্বিয়ার মেয়র স্টিভ বেঞ্জামিন বলেন, কমপক্ষে নয়টি বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি দুর্যোগ ঘোষণায় স্বাক্ষর করেছেন। এর ফলে স্থানীয় বাসিন্দারা ফেডারেল সাহায্য পাবেন। চার্লসটন, ডোরচেস্টার, জর্জটাউন, হরি, লেক্সজিংটন, অরেঞ্জবার্গ, রিচল্যান্ড ও উইলিয়ামসবার্গ কাউন্টিতে জরুরী গৃহনির্মাণের মত প্রয়োজনীয় ক্ষেত্রে এই সহায়তা ব্যবহৃত হবে। রোববার দ্বিতীয় রাতের মত সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সান্ধ্য আইন জারির আগে এক ঘন্টা ৫০ মিনিটের জন্য কলম্বিয়ায় পানি বিতরণ কেন্দ্র খোলা হয়।

IMG1
 
নগরীতে পয়ঃনিষ্কাষণ খালের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার পর পানি সরবরাহকারী লাইন থেকে পানি পান অনিরাপদ বলে বিবেচনা করা হচ্ছে। আগামী দিনগুলোতে অঙ্গরাজ্যটিতে আরো পানি বিতরণ কেন্দ্র খোলা হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দমকল কর্মীরা কলম্বিয়ার বিভিন্ন হাসপাতালের পানি সরবরাহ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। কলম্বিয়ায় বেশিরভাগ সরকারি অফিস ও দোকানপাটের পাশাপাশি স্কুল বন্ধ রয়েছে। বাসস ও এবিসি