আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ১৯ জন চিকিৎসাকর্মী নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাআদ আল হুসেইন। তিনি এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।
গত শনিবার সকালে আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালে মার্কিন বাহিনীর বোমা হামলায় ১৯ জন নিহত হন যার মধ্যে তিনজন ছিল শিশু। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর উইথ আউট বর্ডার্স পরিচালিত এই হাসপাতালে আরো ৩৭ জন আহত হয়েছেন। এই হাসপাতালে ইচ্ছাকৃত ভাবে যদি বোমা হামলা করা হয়ে থাকে সেটা যুদ্ধাপরাধের সঙ্গে তুল্য বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের প্রধান। এই ঘটনাকে দুঃখজনক বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই ঘটনাটি দুঃখজনক, ক্ষমার অযোগ্য এবং অবশ্যই ফৌজদারি অপরাধ।
IMG0
ডক্টর উইথ আউট বর্ডার্সের সভাপতি মেইনি নিকোলাই এই ঘটনাকে ভয়াবহ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন। এক ঘন্টা ধরে চলা এই বোমা হামলার সময়ে এই সংস্থার কর্মকর্তারা উদভ্রান্তের মতো ফোন করে গেছেন ন্যাটো ও ওয়াশিংটনকে।
IMG1
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনার জন্য সমবেদনা জানিয়ে বলেন, আমেরিকান জনগণের হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চিকিৎসা পেশাজীবী ও বেসামরিক নিহত মানুষদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওবামা জানিয়েছেন এই ঘটনার তদন্তে প্রতিরক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে। আলজাজিরা।