বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। এগুলো হলো- তার ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব এবং তিনি যে 'তরিকা'র মানুষ ছিলেন সে সংক্রান্ত সম্ভাব্য বিরোধ। মঙ্গলবার দুপুরে পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান।
মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় নিজ বাসায় খুন হয়েছেন খিজির খান। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ডের পর প্রায় ১২ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা করেনি খিজির খানের পরিবার। মামলা না হলেও তদন্ত শুরু করে দিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাক।
এদিকে খিজির খান হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার বাড্ডার মহানগর মহাবিদ্যালয় ও ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা খিজির খানের বাসার গলির সামনের পথ অবরোধ করে রাখেন। খিজির খান ওই বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন।
উল্লেখ্য, খিজির খানের ব্যক্তিগত কোন শত্রুছিল না বলে দাবি করেছে তার পরিবার।