বিদেশি হত্যার পর সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা

 
দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের ব্রিফিং শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে আমরা কৃতজ্ঞ।
 
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে ব্রিফ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া ব্রিফিং চলে বিকেল চারটা পর্যন্ত।
 

রবার্ট গিবসন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টরা নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তের বিষয়ে আমরা আলোচনা করেছি। তিনি বলেন, হত্যাকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত ও ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা। এ বিষয়ে কোনো বাধা থাকবে না বলেও সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।