লিবিয়িয়ার ভূমধ্যসাগর সংলগ্ন উপকূলে প্রায় একশ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দেশটির রেড ক্রিসেন্টের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে, গত রবিবারের পর এই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়। খবর- রয়টার্সের।
তবে নির্ভরযোগ্য কোন সূত্র থেকে রেড ক্রিসেন্টের দেয়া তথ্য যাচাই করে দেখা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইওএম।
বিবৃতিতে আইওএম জানিয়েছে, লিবিয়া উপকূলের দুইটি জায়গায় মৃতদেহগুলো দেখা গেছে। এক জায়গায় পাওয়া গেছে ৮৫ টি লাশ এবং আরেক জায়গায় ১০ টি।
সংস্থাটির হিসাবে এবছর মোট ৫৫৭,৮৯৯ জন অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়েছে। দুর্গম এই যাত্রাপথে গত এক বছরে ২ হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে।