রাজধানীতে ট্রেনে কাটাপড়ে আনসার সদস্যের মৃত্যু

 
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক আনসার সদস্য মারা গেছেন। তার নাম মোস্তফা সর্দার নাসির (৫০)। মঙ্গলবার সকালে বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গুলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি কুড়িল বিশ্বরোডের ইউনিক গ্রুপের একটি ক্যাম্পে কর্মরত ছিলেন।
 
কমলাপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই আনসার সদস্যের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
 
আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আজিম উদ্দিন জানান, আনসার সদস্য নাসির বিমানবন্দর এলাকায় পোশাক বানাতে দিয়েছিলেন। সকালে ডিউটি শেষে তিনি সেই পোশাক আনতে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।