মাথাপিছু আয়ের ভিত্তিতে দরিদ্রের হার নির্ধারণে কিছুটা পরিবর্তন এনেছে বিশ্বব্যাংক। নতুন হিসাব অনুযায়ী, যে ব্যক্তির দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলারের কম, তিনিই অতিদরিদ্র হিসেবে বিবেচিত হবেন। ২০০৫ সাল থেকে সোয়া ডলারের (একশ টাকার সমান) দৈনিক আয়ের মানুষকে অতিদরিদ্র ধরা হতো। এক প্রতিবেদনে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, নতুন মাথাপিছু আয়ের হিসাবে চলতি বছর শেষে দক্ষিণ এশিয়ায় অতিদরিদ্রের সংখ্যা কমে আসবে সাড়ে ১৩ শতাংশে।
বাংলাদেশের দারিদ্র্যের হিসাবের বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অর্থনীতিবিদ জাহিদ হোসেন ইত্তেফাককে বলেন, বাংলাদেশকে এর অন্তর্ভূক্ত করা হয়নি। বাংলাদেশের মানুষের আয় পরিস্থিতি, ভোক্তা পর্যায়ের তথ্য নিয়ে জটিলতা রয়েছে যা বিশ্বব্যাংকের মানদন্ডের হিসেবে গরমিল হচ্ছে। বাংলাদেশের দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে এখনো মাথাপিছু ১ দশমিক ২৫ ডলারের দৈনিক আয়কে বিবেচনায় ধরা হচ্ছে। আগামি বছরের মধ্যে তথ্যের এই সমস্যা কাটিয়ে নতুন হিসেবে বাংলাদেশকে যুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।