দেশের বাজারে এইচটিসি স্মার্টফোন নিয়ে আসছে নেক্সট৯

তাইওয়ানের স্মার্টফোন ব্র্যান্ড এইচটিসির বিভিন্ন মডেলের স্মার্টফোন দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নেক্সট৯-কে বাংলাদেশে এইচটিসি স্মার্টফোনের জাতীয় পরিবেশক হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে দেশের বাজারে এইচটিসি স্মার্টফোন অবমুক্তির এই ঘোষণা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, এইচটিসি ওয়ান এম৮আই, ডিজায়ার ৮২০এস, ডিজায়ার ৬২৬জি, ডিজায়ার ৬২০জি, ডিজায়ার ৫২৬জি+ এবং ডিজায়ার ৩২৬জি মডেলগুলো প্রাথমিকভাবে দেশের বাজারে বিক্রি শুরু হবে। এসময় এইচটিসি দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ফয়সাল সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের বাজারে আমাদের স্মার্টফোনের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।

 

এইচটিসি সবসময়ই স্মার্টফোন তৈরির ক্ষেত্রে আকর্ষণীয় ডিজাইনের সাথে সাথে আধুনিক উন্নত প্রযুক্তির সমন্বয়ের দিকে গুরুত্ব দিয়ে থাকে। ব্যবহারকারীরা যাতে সহজেই এই স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারে, তাও নিশ্চিত করে থাকে এইচটিসি। আমাদের নতুন এইচটিসি ডিজায়ার মডেলগুলো তৈরির সময় তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইন আর শক্তিশালী প্রসেসিং ক্ষমতার ওপর জোর দেওয়া হয়েছে। এইচটিসির লক্ষ্য হলো নিজস্ব বৈশিষ্ট্যসমূহে আপোষহীন থেকে সবার সাধ্যের মধ্যে মানসম্পন্ন স্মার্টফোন বাজারজাত করা।’

 

অনুষ্ঠানে নেক্সট৯-এর ব্যবস্থাপনা পরিচালক প্রেমচাঁদ বলেন, ‘উঠতি বাজারে প্রযুক্তি ভোক্তারা সবসময় বিকল্প ব্র্যান্ডের সন্ধানে থাকেন। তাদের চাহিদা অকৃত্রিম পণ্যের নিশ্চয়তা। নেক্সট৯-এর সর্বাত্মক প্রচেষ্টা ক্রেতাদের এই বিকল্প সেবা প্রদান নিশ্চিত করা। আর তাই আমরা এইচটিসির সাথে এ দেশে স্মার্টফোনের বাজার বিস্তৃত করতে পেরে আনন্দিত। মোবাইল ফোন সাবসস্ক্রিপশনের ক্ষেত্রে বিশ্বের সেরা ১০টি দেশের একটি বাংলাদেশ। ক্রমাগত ইন্টারনেট প্রযুক্তির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ার কারণে এ দেশে স্মার্টফোনের বিকাশ ঊর্ধ্বমুখী। আমরা এইচটিসির সাথে এই অগ্রযাত্রায় সহায়কের ভূমিকায় অংশীদার হতে পেরে আনন্দিত।’ অনুষ্ঠানে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে এইচটিসির স্মার্টফোনগুলো বাজারে পাওয়া যাবে।