ইউক্রেনে নির্বাচন বিলম্বিত করায় বিদ্রোহীদের স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের ‘অবৈধ’ নির্বাচনের বিলম্বকে মঙ্গলবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এও বলেছে, কিয়েভ, মস্কো ও বিদ্রোহীরা ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করেছে।

পশ্চিমা দাবি অনুযায়ী নির্বাচন পিছিয়ে ২০১৬ সালে করার সিদ্ধান্তকে কিয়েভের ইইউপন্থী নেতৃত্ব ও ক্রেমলিনও স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের আরেক দফা অবৈধ নির্বাচন স্থগিতের খবরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বসবাসরত বাসিন্দারা ইউক্রেনের আইন অনুযায়ী আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেয়ার অধিকার রাখে। তিনি ২০১৪ ও ১৫ সালে মস্কো ও কিয়েভের মধ্যে মিনস্ক চুক্তি অনুযায়ী ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) কর্তৃক নির্বাচন পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। মুখপাত্র বলেন, আমরা এও খবর পেয়েছি যে ইউক্রেন, রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রেখা থেকে অতিরিক্ত ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করেছে।

তিনি বলেন, এটা মিনস্ক চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতি এবং ইউক্রেন থেকে ভারী অস্ত্র ও যোদ্ধা প্রত্যাহার করে নেয়ার ওপর সমর্থনের বহিঃপ্রকাশ । তবে টোনার বলেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে অপর এক কূটনীতিক গত ১৮ মাস ধরে চলা সংঘাত দ্রুত বন্ধের সম্ভাবনা নাকচ করে দেন। সংঘাতে ৮ হাজারেরও বেশি লোক নিহত ও ১৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ওয়াশিংটন থেকে যত বিবৃতি এসেছে তার মধ্যে পররাষ্ট্র দপ্তরের মন্তব্য অনেক বেশি ইতিবাচক। বাসস।