‘আবু সাইয়ীদ ব্যর্থ হলে সবাই ব্যর্থ হব’

 
গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আবু সাইয়ীদ। বুধবার এই উদ্যোগের অংশ হিসেবে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলে সেমিনারে আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আবু সায়ীদ ব্যর্থ হলে সবাই ব্যর্থ হব- সফল হলে সবাই সফল হব।
 
‘গণঅর্থায়ন : স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আহমাদ মাযহার।
 
মূল প্রবন্ধে আহমাদ মাযহার বলেন, গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ নতুন ধারণা নয়, বিশ্বের অনেক দেশেই হয়েছে, পাশের দেশ ভারতেও হয়েছে। আমাদের দেশেও অনানুষ্ঠানিকভাবে হয়েছে। তারেক মাসুদ আদম সুরত করতে গিয়ে কাছের অনেকের কাছ থেকেই অর্থ সংগ্রহ করেছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক ‘সংযোগ’ চলচ্চিত্রটি প্রসঙ্গে বলেন, একজন কবি কাগজ কলম পেলেই কবিতার চর্চা করতে পারেন কিন্তু চলচ্চিত্রের চর্চা অনেকটাই পুঁজির কাছে জিম্মি। এই শিল্প মাধ্যমটি অর্থ লগ্নির উপর নিভর্র করে। তাই আবু সায়ীদের এই উদ্যোগটি এদেশের চলচ্চিত্র চর্চায় নতুন ধারা যুক্ত করতে পারে, তাই আবু সায়ীদের পাশে সবাইকে থাকতে হবে। আবু সায়ীদ ব্যর্থ হলে সবাই ব্যর্থ হব- সফল হলে সবাই সফল হব।
 
নির্মাতা আবু সাইয়ীদ ‘সংযোগ’ ছবিটি ১০ হাজারের বেশির চলচ্চিত্রপ্রেমীদের অর্থায়নে নির্মাণ করবেন।