ভারতের কেরালা রাজ্যে মোবাইল ম্যাসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপের মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে। দুবাই প্রবাসী স্বামী এই অভিনব কায়দায় তালাক দেয়ার পর তার বৈধতা চ্যালেঞ্জ করেছে স্ত্রী। এ বিষয়ে রাজ্য নারী কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি।
গত মাসে রাজ্যটির ২১ বছর বয়সী এক মেডিকেল কলেজ ছাত্রীর সাথে দুবাই প্রবাসী একজনের বিয়ে হয়। বিয়ের দিন সাতেক পরেই ওই ব্যক্তি আবার দুবাই চলে যান। এরপরে তিনি নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
বিভিন্নভাবে যোগাযোগর চেষ্টা করেও যোগাযোগে ব্যর্থ হন স্ত্রী। এরপর বিয়ের এক মাসের মাথায় দুবাই থেকে হোয়াট অ্যাপ এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে তালাক দেন ওই ব্যক্তি।
নারী কমিশনের একজন সদস্য বলেছেন, এমনটা মেনে নেয়া যায় না। এদিকে হোয়াটস অ্যাপে তালাকের বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সূত্র: বিবিসি