‘জঙ্গি-উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হচ্ছে না’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সারা দেশে কথা হচ্ছে। সারা বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু এ নিয়ে অপরাজনীতি হচ্ছে যা দুর্ভাগ্য বাংলাদেশের। এ কারণে দেশে জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হচ্ছে না।
  
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 
 
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীন অবস্থা চলতে থাকলে উগ্র ও জঙ্গিবাদীরা সুযোগ নেবে। জঙ্গিবাদ ও উগ্রবাদীরা যেন মাথাচাড়া নিয়ে উঠতে না পারে সে জন্য গণতন্ত্র থাকতে হবে। জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। 
 
এ সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
 
তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে সরকারকে।