হুসাইন-মোসলেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৯ নভেম্বর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক কিশোরগঞ্জের নিকলির রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 
বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। 
 
আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৬ সপ্তাহের সময়ের আবেদন জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। 
 
তিনি জানান, তদন্ত সংস্থার কাছ থেকে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে দাখিল করতে সময়ের প্রয়োজন।
 
উল্লেখ্য, হুসাইন-মোসলেমের বিরুদ্ধে একসঙ্গে হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, আটক, অপহরণ ও নির্যাতনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং দুইশ’ ৫০টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।