চীন ২০১৯ সালের জন্য প্রতিরক্ষা খাতে ১৭৭ দশমিক ৬১ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করছে। গত বছর যা ছিল ১৭৫ বিলিয়ন ডলার। অর্থাত্ বাজেট বরাদ্দ বেড়েছে সাড়ে সাত শতাংশ। ২০১৫ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির হার দুই অঙ্কে সীমাবদ্ধ ছিল। এরপর থেকে কিছুটা কমানো হয়েছে। এ হারে প্রতিরক্ষা বাজেট বাড়তে থাকলে চীনের প্রতিরক্ষা বাজেট খুব শিগগির যুক্তরাষ্ট্রের বাজেটকে ধরে ফেলবে। বিগত কয়েক বছরে চীন তাদের সামরিক বাহিনীগুলোকে ব্যাপক হারে অত্যাধুনিক করতে নানা পদক্ষেপ নিচ্ছে।
গাড়ি আমদানিতে ব্যাপক
প্রবৃদ্ধি ভিয়েতনামে
চলতি বছরের প্রথম দুই মাসে ভিয়েতনামে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানি আগের বছরের তুলনায় ১০৫ শতাংশ বেড়েছে। ভিয়েতনাম কেবল গত দুই মাসের ৪৬ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের প্রায় ১৯ হাজার ৭০০টি গাড়ি আমদানি করেছে। আর ২০১৮ সালে গাড়ি ও যন্ত্রাংশ আমদানি বাবদ প্রায় ৫৪০ কোটি ডলার ব্যয় করে ভিয়েতনাম। এছাড়া গত বছর ভিয়েতনামের বাজারে ২ লাখ ৮৮ হাজার ৬০০টির বেশি গাড়ি বিক্রি হয়েছে বলে ভিয়েতনাম অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে।
খড় পোড়ানোর দূষণে ভারতের
ক্ষতি ৩ হাজার কোটি ডলার!
ভারতে ফসল কাটার পর মাঠে থাকা খড় পুড়িয়ে ফেলার কারণে সৃষ্ট বায়ুদূষণ প্রবল আকার ধারণ করেছে। বায়ুদূষণের কারণে ওই অঞ্চলে শ্বাসযন্ত্রের প্রদাহ বেড়ে গেছে। একই সঙ্গে এ বায়ুদূষণের ফলে ভারত স্থানীয়ভাবে প্রতি বছর প্রায় ৩ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) ভারতের স্থানীয় একটি সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এক গবেষণায় এ তথ্য দেখানো হয়েছে। এছাড়া বাজি ফোটানোর কারণে বার্ষিক আনুমানিক ৭০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে।
—নাঈমা সুলতানা