রাজধানীর মগবাজারে রবিউল ইসলাম নয়ন নামে এক ছাত্রদল নেতার পায়ে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে মগবাজারের বৈকালি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম নয়ন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মোহাম্মদপুর এলাকার পুলপাড়া এলাকায় থাকেন।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বৈকালি হোটেলে নয়ন অবস্থান করছেন এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ নয়নকে রুমের দরজা খুলতে বললেও তিনি খোলেননি। পরে দরজা ভেঙে ফেলা হলে নয়ন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে নয়নের পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে গুলিবিদ্ধ নয়ন অভিযোগ করেছেন, পুলিশ তাকে হোটেলের বাইরে থেকে ধরে নিয়ে ভেতরে গিয়ে পায়ে গুলি করেছে।