মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রবর্তিত ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তির বিরোধিতা করলেন হিলারি ক্লিনটন। এক সাক্ষাত্কারে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। খবর বিবিসির।
ডেমোক্রেটিক দল থেকে সামনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নের লক্ষ্যে প্রার্থীদের মধ্যে প্রথম পর্যায়ের বিতর্ক অনুষ্ঠান আরম্ভ হতে যখন এক সপ্তাহেরও কম বাকি, ঠিক এমন একটি সময়ে এ মন্তব্য করলেন হিলারি।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ১২টি দেশ টিপিপি চুক্তির অন্তর্ভুক্ত।
হিলারি বলেন, ‘এ চুক্তিতে অনেক প্রশ্নের জবাব নেই এবং আমি মনে করি, এ চুক্তির তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনেও ব্যর্থ হবে। এ ছাড়া, এ সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, তাতে এর পক্ষে সমর্থন দিতে পারছি না।’
তবে এ চুক্তির বিরোধিতা করলেও ট্রেড বিলের প্রতি সমর্থন দেন হিলারি। তিনি বলেন, ‘এটি আমাদের শ্রমিকদের কাজ পেতে, বেতন বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে উন্নতি সাধন করতে সহায়ক হবে।’