স্যামসাংয়ের গ্যালাক্সি জে২ বাজারে

জে সিরিজের স্মার্টফোন ‘গ্যালাক্সি জে২’ দেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। সাশ্রয়ী দামের আধুনিক ফিচারের ডিভাইসটি গ্রাহকপ্রিয়তা পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।

ডুয়াল সিমের এই হ্যান্ডসেটে ৪ দশমিক ৭ ইঞ্চির ৫৪০ বাই ৯৬০ পিক্সেলের কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। ডিভাইসটিতে আরও আছে ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড-কোর এক্সিনোস ৩৪৭৫ প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড দিয়ে এর মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি জে২ –তে ভালো ব্যাক-আপ সুবিধার জন্য ২০০০ এমএএইচ ব্যাটারি ও আকর্ষণীয় ছবি পাওয়ার জন্য এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং সেলফির জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি সমর্থন সুবিধা পাওয়া যাবে।

ডিভাইসটি ১২ হাজার ৯৯০ টাকায় সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী।