ধূমপানজনিত মৃত্যু বাড়ার শঙ্কায় চীন


ধূমপানজনিত মৃত্যু মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সেখানে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে চীনে বিশ লাখ মানুষের মৃত্যু হবে ধূমপানের কারণে!

বিবিসি তার প্রতিবেদনে 'দি লানসেট' নামক মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা কর্মের বরাত দিয়ে জানায়, দেশটিতে প্রতি প্রতি তিনজন পুরুষের মধ্যে অন্তত একজন মারা যাচ্ছে ধূমপানের কারণে।

 

IMG0
অক্সফোর্ড ইউনিভার্সিটি, দি চাইনিজ অ্যাকাডেমি অব মেডিকেল সাইন্স এবং দি চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানীদের প্রকাশিত এই গবেষণায় দেখানো হয়, চীনের দুই-তৃতীয়াংশ তরুণ ধূমপান করছে। আর তাদের অধিকাংশই ২০ বছর বয়সের আগে ধূমপান শুরু করে। তারা যদি ধূমপান ছেড়ে না দেয় তাহলে এদের অর্ধেক তরুণ তাদের অভ্যাসের কারণে অকালে প্রাণ হারাবে। তারা গবেষণাটিতে দেখিয়েছে, ধূমপায়ীদের অধিকাংশই দিনে ২২টির বেশি সিগারেট পান করেন। এমনকি সিগারেট ছাড়ার জন্য ইলেক্ট্রনিক সিগারেট ব্যবহারের প্রবণাতাও বৃদ্ধি পাচ্ছে সেখানে। কিন্তু গবেষণা রিপোর্টটি বলছে, তাতেও খুব একটা লাভ হবে না ধূমপায়ীদের।

উল্লেখ্য, ২০১০ সালে দেশটিতে ধূমপানের কারণে ৮ লাখ ৪০ হাজার পুরুষ এবং এক লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।