অচিরেই দুই বিদেশি হত্যকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যেই দুই বিদেশি নাগরিক হত্যা হয়েছে তার তদন্ত চলছে। এটা গভীর চক্রান্তের অংশ। শুক্রবার ভেড়ামারায় গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইনু বলেন, পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রকৃত খুনিদের খুঁজে বের করে দেশবাসীর সামনে হাজির করবে তখন দেখা যাবে কারা এ হত্যকাণ্ডের সঙ্গে জড়িত। সুতরাং অচিরেই এ হত্যকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে দেয়া 'গণতন্ত্রহীন অবস্থা চলতে থাকলে জঙ্গিবাদীরা সুযোগ নেবে'- এমন এক মন্তেব্যের প্রেক্ষিতে বলেন, 'এটি অনেকটা ভূতের মুখে রাম নামের মতো। জঙ্গিবাদকে উৎখাতের জন্য জাতীয় ঐক্য দরকার, তবে ঐক্য তার সঙ্গে হবে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন।'
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। যারা ক্ষমতায় থেকে বিদ্যুতের পিলার বসিয়ে মানুষকে বোকা বানিয়েছিল। এই সরকার তা না করে একের পর এক বিদ্যুত উন্নয়ন করে সেঞ্চুরি করেছে। মহাজোটের সরকার বাংলাদেশের মানুষের উন্নয়নের সরকার বলে তিনি মন্তব্য করেন। বাসস।