'মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলে কঠোর শাস্তি'


পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে শুধুমাত্র ডিপার্টমেন্ট থেকেই বের করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করে জেলহাজতে পাঠিয়ে দেয়া হবে। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইজিপি।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধমে মাদক প্রতিরোধ করা সম্ভব। হাজারো কাজের মধ্যে মাদককে অগ্রাধিকার ভিত্তিতে রোধ করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আইজিপি জানান, প্রতি মাসে পুলিশ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মাদক সংক্রান্ত মামলা নেয় এবং এতে আটক হয় কয়েক হাজার।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী ও সম্পাদক রহিম বাদশা। বাসস।