দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তাকে সরকারের ‘নীল নকশার বাস্তবায়নের ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন। তিনি বলেছেন, ‘দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রচেষ্টা সরকার চালাচ্ছে, এটি একটি নীল নকশা। এটা জাতীয় নির্বাচনকে পাশ কাটানোর উদ্দেশ্য।’
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিপন বলেন, ‘আমরা সরকারের এই কুটকৌশলের নিন্দা জানাই। আমরা মনে করি, জাতীয় নির্বাচনের দাবিতে ফিরে আসতে হবে এবং সরকারকে তা দাবি মেনে নিতে হবে।’
রিপন বলেন, ‘বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যদিও বিভিন্ন মার্কায় নির্বাচন হয়েছে, দলীয় প্রতীকের ভিত্তিতে হয়নি। তারপরও ওইসব নির্বাচনে বিএনপি ও বিরোধী দলের যেসব প্রার্থীরা মেয়র-কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন স্থানীয় সরকারের আইনের মাধ্যমে তাদের অধিকাংশ নির্বাচিত মেয়র ও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অপসারিত ও বরখাস্ত করা হয়েছে।’