কুকুরকে অভিযোগ থেকে রেহাই দিল ভারতের আদালত

 
মালিকের নির্দেশ কামড়ানোর অভিযোগ থেকে কুকুর 'ডন'কে রেহাই দিয়েছে ভারতের একটি আদালত। দিল্লির সাবেক মন্ত্রীর ল্যাব্রাডর ডনের বিরুদ্ধ অভিযোগ ছিল, মালিকের নির্দেশে কামড়ে দিয়েছিল সে। আর এতেই কুকুরের বিচার চাইতে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীর স্ত্রী।
 
দিল্লির সাবেক আইনমন্ত্রী সোমনাথ ভারতীর স্ত্রী আদালতে অভিযোগ করেন সোমনাথের নির্দেশে তাকে কামড়ে দিয়েছিল ডন। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করলে, কুকুরসহ কিছুদিন লাপাত্তা ছিলেন সোমনাথ ভারতী।
 
আদালতে তোলার পর পুলিশকে দিয়ে পরীক্ষা করানো হয় অভিযুক্ত ডনকে। পরীক্ষায় সোমনাথের নির্দেশে ডন আক্রমণ করতে অস্বীকার করলে  অভিযোগ থেকে রেহাই দেয়া হয় ১২ বছরের কুকুরটিকে। ৩৫ কেজি ওজনের ডনকে পরীক্ষা করে পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডন একটি অলস প্রকৃতির কুকুর।
 
মামলাটি কূল-কিনারা করতে ডনকে ধরতে পুলিশ অভিযান চালালে ভারতের গণমাধ্যমে এ নিয়ে বেশ হৈচৈ পড়েছিল। সূত্র: বিবিসি