ফিলিপাইন থেকে যেসব শরণার্থী অবৈধভাবে অস্ট্রেলীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করেছিল, তাদের সম্ভাব্য পুনর্বাসনের বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটন বলেছেন, ‘উভয় দেশই একটি পারস্পরিক সুবিধাজনক সমঝোতায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।’ খবর বিবিসির।
তবে এর আগে কম্বোডিয়ার সঙ্গে একই রকম একটি চুক্তি বড় ধরনের ব্যর্থতা হিসেবে সমালোচিত হয়েছে। ওই চুক্তির পর এখন পর্যন্ত মাত্র চারজন শরণার্থী কম্বোডিয়ায় ফেরত যেতে রাজি হয়েছে।
শুক্রবার ডাটন সাংবাদিকদের বলেন, ‘কম্বোডিয়ার সঙ্গে আমাদের একটি দ্বি-পাক্ষিক চুক্তি রয়েছে। যদি আমরা অন্য দেশগুলোর সঙ্গে সমঝোতা করতে পারি, তাহলে তা করব।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা একটি চুক্তির ব্যবস্থা করতে পারি, যা আমাদের দেশের এবং ফিলিপাইনের প্রেক্ষাপটে সবচেয়ে সুবিধাজন, তাহলে আমরা সেখানে পৌঁছাব।’
প্রসঙ্গত, যেসব আশ্রয়প্রার্থী নৌকা করে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করে থাকে, বর্তমানে তাদের নাউরু এবং পাপুয়া নিউ গিনির দ্বীপের আটককেন্দ্রে আটক রাখা হচ্ছে। আশ্রয়প্রার্থীদের এভাবে আটক রাখা নিয়ে অস্ট্রেলিয়ার মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছে।