‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকার একটি মাঠে স্থানীয় যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় পরিবহন মন্ত্রী শাহাজাহান খান এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া লন্ডনে শুধু চোখের অপারেশনের জন্য যান নাই। তিনি সেখানে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং এ সরকারের পতন ঘটনানোর পরিকল্পনা করতে।
শাহাজাহান খান আরো বলেন, যুদ্ধাপরাধ মামলায় জামায়াত-বিএনপি নেতাদের বাঁচাতে খালেদা জিয়া ও তারেক রহমানের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে এ বিচার শেষ করবে আওয়ামী লীগ সরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী পানামা পোর্ট লিংক লিমিটেড মিলনায়তনে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।