তুরস্কের রাজধানী আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে দুইটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৬ তে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আরো ১৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনোলু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি শান্তি সমাবেশে যোগ দিতে লোকজন জড়ো হলে স্থানীয় সময় সকাল ১০ টায় এই ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, শহরের প্রধান রেলস্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের দেহ পড়ে রয়েছে।
IMG0
IMG1
ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। তবে বিস্ফোরণটি আত্মঘাতী ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন-পিকেকের সঙ্গে চলমান সহিংসতা বন্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। খবর: বিবিসি ও এএফপি।